সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহ সদর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রধান কাঁচাবাজারটি সামান্য বৃষ্টিতেই রূপ নেয় চরম কাদার রাজ্যে। দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকায় বাজারটি এখন কাঁচাবাজারের চেয়ে যেন ‘ধান চাষের উপযোগী জমিতে’ পরিণত হয়েছে। কাদা-পানি ও দুর্গন্ধের কারণে ক্রেতারা বাজারে আসতে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার ফলে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ছে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে।
ঝিনাইদহ সদরের অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় এই কাঁচাবাজারটিকে। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও সামান্য এক পশলা বৃষ্টি হলেই চিত্র বদলে যায়। পানিনিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় মারাত্মক জলাবদ্ধতা। গলিপথগুলোতে হাঁটু সমান কাদা জমে পিচ্ছিল পরিস্থিতির সৃষ্টি হয়, যার ওপর দিয়ে হেঁটে চলাচল করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে।
বাজারে কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য কেনাকাটা করতে এসে জামাকাপড় ও জুতো নোংরা পানিতে নষ্ট হয়ে যায়। হেঁটে চলার পরিবেশ না থাকায় এখন জরুরি প্রয়োজন ছাড়া কেউ এই বাজারে আসতে চায় না।
অন্যদিকে ব্যবসায়ীরা জানান, নিয়মিত হাসিল ও ট্যাক্স পরিশোধ করার পরও বাজার কর্তৃপক্ষের ন্যূনতম তদারকি নেই। ড্রেনগুলো ময়লা-আবর্জনা জমে বন্ধ হয়ে থাকলেও তা পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। বাজারের এই বেহাল দশার কারণে বেচাকেনা আশঙ্কাজনক হারে কমে গেছে, ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন।
ঝিনাইদহ সদরের মতো গুরুত্বপূর্ণ এলাকার প্রধান কাঁচাবাজারের এমন করুণ দশা দ্রুত দূর করা জরুরি। বাজারটিকে ব্যবহার উপযোগী করতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বাজার পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা।