সুবর্ণ বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় শুরু হয়েছে সিজারিয়ান সেবা। ঝিনাইদহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের বিশেষ দিকনির্দেশনা ও একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রয়োজনীয় আধুনিক মেশিনারিজ, নিয়োজিত চিকিৎসক, অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ এবং জীবাণুমুক্ত অটোক্লেভ যন্ত্রের সুব্যবস্থা করা সম্ভব হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন প্রসূতি মায়ের সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। মা ও সদ্যজাত শিশুরা বর্তমানে সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন পর হাসপাতালটিতে পুনরায় সিজারিয়ান সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। এখন আর প্রসূতি রোগীদের দূর-দূরান্তে বা চড়া খরচে ক্লিনিকে যেতে হবে না।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সদস্য এবং উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সফল সভাপতি মনিরুল ইসলাম হিটু এক বার্তায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সফলভাবে এই অপারেশন সম্পন্ন করায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। সেই সাথে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার জন্য আইনমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।