হুমায়ন কবির মিরাজ,শার্শা:
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে ১৭ শতক জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার রহমান সরদারসহ দলীয় নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ডিহি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব অভিযোগ তুলে ধরেন অলিয়ার রহমান সরদার।
সংবাদ সম্মেলনে অলিয়ার রহমান সরদার বলেন, তেবাড়িয়া গ্রামের ১৭ শতক জমির মালিকানা ও দখল সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে তাকে এবং ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতৃবৃন্দকে জড়িয়ে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, এসব সংবাদের মধ্যে প্রকৃত ঘটনা ও তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিভিন্ন বক্তব্য তুলে ধরে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা পক্ষের বক্তব্যের ওপর নির্ভর করে একতরফাভাবে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া উচিত। গণমাধ্যমকর্মীদের প্রতি প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। ১৭ শতক জমি নিয়ে যে বিরোধের সৃষ্টি হয়েছে, সেটি রাজনৈতিক বা ব্যক্তিগতভাবে প্রভাবিত না করে আইন ও নিয়ম অনুযায়ী তদন্ত করা প্রয়োজন। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জমির কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে অলিয়ার রহমান সরদার সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তার ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিক ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এ সময় ডিহি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।