বিশেষ প্রতিনিধি: মোঃ আব্দুর রশিদ
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে একই পরিবারের দাদি ও ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকালের এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম আকাশ, যিনি এলাকায় মেধাবী ছাত্র এবং শান্ত স্বভাবের হিসেবে পরিচিত ছিলেন। তিনি সরকারি টিবি হাসপাতালে নিয়োগ পেলেও মানসিক অস্থিরতা বা অন্য কোনো সমস্যার কারণে কর্মস্থল ত্যাগ করেন। মাঝেমধ্যেই তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত। ঘটনার দিন পারিবারিক বিবাদের একপর্যায়ে আকাশ উত্তেজিত হয়ে ঘরে থাকা কোদাল দিয়ে তার দাদি ও ফুপুকে উপর্যুপরি কোপাতে শুরু করেন। তাদের আর্তচিৎকার শুনে পাশের বাড়ির এক প্রতিবেশী উদ্ধারে এগিয়ে এলে ঘাতক আকাশ তাকেও কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
ঘটনাস্থলেই ওই তিনজন প্রাণ হারান। হত্যাকাণ্ডের পর ঘাতক আকাশ দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পুলিশ তৎপরতা চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন এবং এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।