কেশবপুর (যশোর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার ৮ নম্বর সুফলাকাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নেওয়া, মতবিনিময় এবং নির্বাচনী বিষয়ে আলোচনা করছেন।
রফিকুল ইসলাম বেতীখোলা, নারায়ণপুর, কায়েমখোলা, আরিয়া গ্রুপ, কৃষ্ণনগর, কাঠবাদার, ডহরি, কালিচা, রামপুর, ময়নাপুর, সানতলা, কলাগাছি, আড়ুয়া, আড়ুয়া পশ্চিমপাড়া, পশ্চিম সারুটিয়া, পূর্ব সারুটিয়া, সুফলাকাটী, হাজির মোড় ও কাটাখালীসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বসে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। কোথাও চায়ের আড্ডায় স্থানীয়দের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কোথাও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের কথা শুনছেন। এ সময় নির্বাচন, ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাট, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতাসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে।
গণসংযোগকালে তার কয়েকজন সমর্থক বলেন, “পুরাতন দেখেছি অনেকবার, নতুন মুখ দেখতে চাই। আমরা রফিকুল ইসলামকে চাই।” তবে এটি তাদের ব্যক্তিগত মতামত বলে জানা গেছে।
রফিকুল ইসলাম বলেন, “পানি নিষ্কাশনসহ এলাকার যেসব সমস্যা রয়েছে, নির্বাচিত হলে সেগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা থাকবে, যাতে মানুষের দুর্ভোগ কমে।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করার চেষ্টা করব। জনগণ আমাকে একবার সুযোগ দিলে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই।”
রফিকুল ইসলামের পক্ষ থেকে জানানো হয়, তিনি এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে বাল্ব ও চেয়ার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। গণসংযোগকালে অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল কেউ সমস্যার কথা জানালে ব্যক্তিগতভাবে সহায়তার চেষ্টা করছেন বলেও তার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রফিকুল ইসলাম একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে তার সমর্থকেরা জানান। নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার গণসংযোগ অব্যাহত রয়েছে।