আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ (পঁয়ষট্টি) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ জহুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে পোরশা থানাধীন ১ নম্বর নিতপুর ইউনিয়নের নিতপুর শীতলী ডাঙ্গাপাড়াগামী এলাকায়, মোঃ শহিদুল ইসলাম (৩০)-এর বাড়ির উত্তর-পশ্চিম পাশে ইটের রাস্তার ওপর একটি ব্রিজ/কালভার্ট এলাকায় অভিযান চালানো হয়।
পরবর্তীতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পুলিশ। একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উক্ত ব্রিজ/কালভার্টের ওপর মাদক বিক্রির সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম (৪৩)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহুরুল ইসলাম শীতলী ডাঙ্গাপাড়া, ডাক-নিতপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ফজলুল হক এবং মাতার নাম মোসাঃ সাবিয়া খাতুন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় জহুরুল ইসলামের সঙ্গে থাকা অপর এক সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্রেপ্তারকৃত আসামির বুক পকেটে থাকা গুলের কৌটার ভেতর থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগী আসামি ঘটনাস্থলে ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৩৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সবমিলিয়ে পুলিশ ৬৫ (পঁয়ষট্টি) পিস টাপেন্টাডল ট্যাবলেট, যার মোট ওজন ১৭.৫৫ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ১৯ হাজার ৫০০ টাকা, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।