মোঃ রানা আহম্মেদ
স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে নারী সাংবাদিক শারমিন আরার ওপর হা’ম’লার অভিযোগ উঠেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ওই কক্ষের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।
ঘটনার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান প্রথমে সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর কথা বললেও পরবর্তীতে দাবি করেন, ঘটনার সময় হাসপাতালের সিসি ক্যামেরা চালু ছিল না।
এ নিয়ে প্রশ্ন উঠেছে—হাসপাতালের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা নিয়মিত চালু থাকার কথা থাকলে ঘটনার সময় সেটি কেন বন্ধ ছিল?
এদিকে অভিযোগ রয়েছে, ঘটনার সময় সাংবাদিক শারমিন আরার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে ফোনটি রিসেট করা হয়েছে। কেন তার মোবাইল ফোন নেওয়া হয়েছিল এবং কী কারণে ফোনটি রিসেট করা হয়েছে—এ নিয়েও বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সিসি ক্যামেরার রেকর্ড, মোবাইল ফোনের বিষয়টি এবং সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।