ঝিনাইদহ জেলা প্রতিনিধি :সুবর্ণ বিশ্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, অবকাঠামোগত অবস্থা এবং সার্বিক কার্যক্রম সরেজমিন পরিদর্শনে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডঃ এস এম জিয়াউদ্দীন হায়দার। স্বাস্থ্য খাতের গতিশীলতা ফিরিয়ে আনতে এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের কাছ থেকে বিনামূল্যে ওষুধ প্রাপ্তি, খাবার সরবরাহ, চিকিৎসক ও নার্সদের আচরণ এবং সার্বিক সেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ (আউটডোর), প্যাথলজি ও অপারেশন থিয়েটার ঘুরে দেখেন এবং চিকিৎসাসামগ্রীর সঠিক ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।
হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ডঃ এস এম জিয়াউদ্দীন হায়দার বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও বাড়াতে এবং কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না বলে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। একই সাথে হাসপাতাল পরিচালনা ও চিকিৎসকদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আকস্মিক পরিদর্শনের ফলে হাসপাতালের চিকিৎসাসেবায় আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে স্থানীয় সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন।