মোঃ নাঈম উদ্দীন,জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ নাজমা বেগম (৭০) নামের এক প্রবীণ নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী পরিচালিত এক সফল অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৯:০০ ঘটিকা পর্যন্ত ডানকোপনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন ভিমরুল্লাহ এলাকাস্থ নতুন জেলাখানা গেটের বিপরীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত এলাকার “মিম ষ্টোর” নামক চা ও মুদি দোকানের সামনে থাকা একটি বেঞ্চের ওপর বসা সন্দেভাজন মোছাঃ নাজমা বেগমকে আটক করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে জব্দকৃত মাদকদ্রব্যের বিবরণ নিম্নরূপ: একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতরে কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত (বাণিজ্যিক নাম ইয়াবা) ২০০ পিস ট্যাবলেট, যার ওজন ২০ গ্রাম।
দ্বিতীয় প্যাকেট: অপর একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতরে কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১০ গ্রাম। মোট ৩০০ পিস ইয়াবা, যার মোট ওজন ৩০ গ্রাম। আলামতের আনুমানিক বাজারমূল্য: ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী মোছাঃ নাজমা বেগম (৭০) কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানাধীন আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী। তার পিতার নাম মৃত লবু শেখ এবং মাতার নাম মৃত ছালেহা বেগম। এই বয়সেও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কার্যক্রমে তার জড়িত থাকা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপপরিচালক মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।