সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদরের ঐতিহ্যবাহী এম কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও সার্বিক পরিবেশ সুসংহত করার লক্ষ্যে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী জনাব মোঃ রাশেদ খান।
সভায় সভাপতিত্ব করেন এম কে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ রাশেদ খান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি নিহিত রয়েছে আমাদের তরুণ প্রজন্মের সঠিক শিক্ষার ওপর। ঝিনাইদহের শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এম কে মাধ্যমিক বিদ্যালয়কে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম এবং ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান হোসেন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মাদকমুক্ত ও আধুনিক শিক্ষাভিত্তিক পরিবেশ তৈরিতে ছাত্রদল ও স্থানীয় সামাজিক শক্তিগুলো পাশে থাকবে বলে তাঁরা আশ্বাস দেন।
বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু তাঁর সমাপনী বক্তব্যে অতিথিদের ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষার মান তরান্বিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সভার সমাপ্তি ঘটে।