মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে
সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ, বিশেষ করে আমের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে আমের চারা রোপণ করা হয়।
চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ বলেন, শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে আমের চারা দেওয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এতে আনন্দিত। এসব চারা রোপণ ও পরিচর্যা করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে অনেক উপকার হবে। গাছ আমাদের পরম বন্ধু; গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
তিনি আরও বলেন, মোখলেছুর রহমানের সহযোগিতা এবং মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর মধ্যস্থতায় পাওয়া চারাগুলো সুষ্ঠুভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আসন্ন নির্বাচনে ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে অধ্যাপক আব্দুল ওয়ারেছ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, সহকারী সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর কবির, মো. নাজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. রওশন আলী, দীপঙ্কর কুমার তারাফদার, মো. কবির হোসাইন, রাহিমা খাতুন, মো. আবুল হাসান ও ফারহানা সুলতানাসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।