আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো:রশিদ সাগর (২৭), পিতা- মো. রাকিব, সাং- নন্দীগ্রাম এবং মো. মাসুদ রানা (২৫), পিতা- মো:আজাহার, সাং- পতকৈল। তারা উভয়েই নিয়ামতপুর থানার নওগাঁ জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৮০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।