মহিউদ্দিন নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো: জামাল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে পূর্বধলা থানাধীন কুমুদগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো: নাজমুল হক-এর নেতৃত্বে একটি রেইডিং টিম উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারস্থ শ্যামগঞ্জ-দুর্গাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। দুপুর ১:০০ টা থেকে ২:২০ টা পর্যন্ত চলা এ অভিযানে ৯০৫ (নয়শত পাঁচ) পিস ইয়াবাসহ জামাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৯০.০৫ গ্রাম ওজনের ৯০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া আসামির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত মো: জামাল মিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নলজুড়া (কুল্লাগড়া ইউপি) গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুনের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।