নিজস্ব প্রতিবেদক, ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ভালুকাতলা গ্রামের তরুণ মো. স্বপন মিয়া (২০) দীর্ঘদিন ধরে প্রাণঘাতী কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে দিন দিন তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। বর্তমানে তীব্র শারীরিক যন্ত্রণা সহ্য করে তিনি শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন।
স্বপন ভালুকাতলা গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. জয়নাল আবেদীনের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা, যিনি দিন এনে দিন খান। এমন চরম আর্থিক সংকটের মধ্যে ছেলের এই ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি চিকিৎসা চালানো জয়নাল আবেদীনের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগা স্বপনের উন্নত চিকিৎসা অর্থাভাবে আটকে আছে। একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার অর্থ জোগাড়ের দুশ্চিন্তা সব মিলিয়ে পুরো পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।
নিজের আকুতি প্রকাশ করে অশ্রুসজল চোখে স্বপন বলেন,
“আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর। দিন এনে দিন খেতে হয় আমাদের। আমার চিকিৎসা করানোর মতো সামর্থ্য বাবার নেই। তাই নিরুপায় হয়ে সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারব।
স্বপন ও তার পরিবার দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান, মানবিক সংগঠন, প্রবাসী ও দানশীল মানুষের কাছে বিনীত আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনাদের সামান্য সহযোগিতাই পারে এই তরুণকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ (পার্সোনাল): ০১৭০১৪৮৭০৭৯
স্বপন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আন্তরিক আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।