র্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃআরমান হোসেন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেলকুচি থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব জানায়, সমাজে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।