সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের রামু উপজেলার মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, কক্সবাজার।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব-১৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে র্যাব-১৫, সিপিএসসির একটি আভিযানিক দল রামুর মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মো. ফরিদ আলম (৩৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার ফরিদ আলম উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে। তিনি কক্সবাজার সদর মডেল থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, গত ২৯ জুলাই কক্সবাজার সদর উপজেলার কলাতলী এলাকা থেকে মোহাম্মদ জাবের (২৪) নিখোঁজ হন। এ ঘটনায় তার বোন ৩০ জুলাই সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে র্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট মামলার অন্যতম অভিযুক্ত নেজামুল হক শয়ন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত মোহাম্মদ জাবেরকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
পরে ভিকটিমের মা বাদী হয়ে ২ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফরিদ আলমের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা কার্যক্রম ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।