বিচার চাই
হাফিজুল ইসলাম লস্কর
কাজিরবাজারের ব্রিজের ওপর
থেমে গেল চঞ্চল সুর,
নবম শ্রেণীর কুঁড়িটি ঝরল
স্বপ্নগুলো অনেক দূর।
সামান্য বলের পেছনে ছিল
নিষ্পাপ কিশোর মন,
বুকে ছুরি নিয়ে শেষ হয়ে গেল
আলোকময় সে জীবন।
আমকোনার সেই কৃতি সন্তান
খাসদবীরের আলো,
মায়ের কোলের মানিক রিফাত
কেমন করে নেভালো?
তুচ্ছ ঘটনার অজুহাতে
রক্তের হোলিখেলা,
এ সমাজ আজ কোন খাদে যায়
কিসের অবহেলা?
আর কত প্রাণ অকালে ঝরলে
জাগবে বিবেকের আঁধার?
আর কত মায়ের বুক খালি হলে
বন্ধ হবে এই হাহাকার?
আমরা কেবল নীরব দর্শক
হতে আসিনি আজ আর,
প্রতিটি ঘাতকের রক্তচক্ষু
উপড়ে নেয়ার সময় এবার!
দাবি আমাদের এক ও অভিন্ন
ছাড় পাবে না কোনো ঘাতক,
চিহ্নিত ওই সন্ত্রাসীদের সাজা
হোক শতভাগ নরক।
দ্রুত বিচারে ফাঁসির কাষ্ঠে
ঝুলুক প্রতিটি অপরাধী,
রিফাত হত্যার বিচার চাই এবার
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী।