নেত্রকোনা প্রতিনিধি : মহিউদ্দিন
(নেত্রকোনা) | ১৯ জুলাই, ২০২৬
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই দুঃসাহসিক অভিযানে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। অভিনব কৌশলে ছদ্মবেশ ধারণ করে এই ডাকাতদের হাতেনাতে আটক করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মদ। জানা যায়, গত রাতে দুর্গাপুর উপজেলার একটি বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে মাঠে নামেন ওসি খন্দকার শাকের আহম্মদ। অপরাধীদের শনাক্ত করতে তিনি পুলিশের চিরাচরিত পোশাক ত্যাগ করে ছদ্মবেশ ধারণ করেন। নিজের বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে তিনি ডাকাত চক্রের অবস্থান নিশ্চিত করেন। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ওই চক্রের ৭ সদস্যের মধ্যে ৩ জনকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে লুট করা নগদ টাকা ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, আটককৃত ডাকাতরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে ওসি খন্দকার শাকের আহম্মদ জানান, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। ডাকাতদের আইনের আওতায় আনতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” পুলিশের এমন সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকায় স্থানীয় সুধীমহল ওসি খন্দকার শাকের আহম্মদ এবং দুর্গাপুর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।