রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জিম্মি সাধারণ মানুষ:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দীর্ঘ দিন ধরেই এক অদৃশ্য ও শক্তিশালী চক্রের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতালের অভ্যন্তরে গড়ে ওঠা দুটি বিশেষ সিন্ডিকেট
অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এবং ট্রলি সিন্ডিকেট,সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে তাদের জিম্মি করে ফেলেছে বলে অভিযোগ রয়েছে।
মানুষ যখন জীবনের শেষ প্রান্তে থাকেন বা মারা যান, তখনই এই সিন্ডিকেট তাদের আসল রূপ প্রকাশ করে। শোকাহত স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ আদায় করা হয় আকাশছোঁয়া অর্থ। মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই সিন্ডিকেটের বেঁধে দেওয়া অনৈতিক ভাড়ার কবলে পড়ে অসহায় পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ে। শোকের মুহূর্তেও তাদের এই অর্থলিপ্সা প্রতিনিয়ত সমালোচনার জন্ম দিচ্ছে।
হাসপাতালে ভর্তি হতে আসা নতুন রোগী এবং তাদের স্বজনদের প্রথম অভিজ্ঞতাই হয় ট্রলি সিন্ডিকেটের সাথে। হাসপাতালের প্রধান ফটক বা টিকিট কাউন্টার এলাকাতেই ওঁৎ পেতে থাকে এই চক্রের সদস্যরা। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত ওয়ার্ডে নেওয়ার জন্য বাধ্য হয়েই এই ট্রলিম্যানদের সহায়তা নিতে হয়, আর তখনই শুরু হয় তাদের স্বেচ্ছাচারিতা। নিজেদের ইচ্ছামতো চার্জ আদায় এবং সময়মতো সেবা না দেওয়ার অভিযোগ এখানে নিত্যদিনের ঘটনা।