মো: এনামুল ইসলাম | কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ: অপরাধমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সভা। সভায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমনে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই নির্মূলে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক তথ্য আদান-প্রদান ছাড়া টেকসইভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও অংশীদারিত্ব সুদৃঢ় করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট। মাদকমুক্ত ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।