হাফিজুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা জমে উঠেছে। এবার এই ইউনিয়নে নতুন ও সাহসী মুখ হিসেবে ভোটারদের মাঝে ব্যাপক আলোচনায় এসেছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আবুল কাশেম রুমন।
লক্ষণাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাজি বাড়ির কৃতি সন্তান এবং মরহুম আব্দুস ছত্তার (মাস্টার)-এর বড় ছেলে রুমনকে ঘিরে স্থানীয় ভোটারদের বড় একটি অংশের মধ্যে ইতিমধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। আবুল কাশেম রুমন ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ‘সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’ পত্রিকার সম্পাদক এবং ‘বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন আইসিটি শিক্ষক হিসেবেও পরিচিত।
বিশেষ করে গোলাপগঞ্জের গ্রামীণ জনপদে অসহায়, দরিদ্র ও বেকার ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী করতে তিনি বিশেষ ভূমিকা রাখছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘বিএম সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর মাধ্যমে নানামুখী আইটি ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে শত শত যুবক-যুবতীকে কর্মমুখী করে তুলেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে তাঁর নিয়মিত অংশগ্রহণ এলাকায় তাকে তরুণদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিক আবুল কাশেম রুমন লক্ষণাবন্দ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার মধ্যে রয়েছে-
√ ওয়ান-স্টপ সার্ভিস:- ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালু করা।
√ কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষা:- বেকার যুবকদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নারীদের জন্য বিশেষ তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা করা।
√ সামাজিক উন্নয়ন:- মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং এলাকার অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন।
এক সাক্ষাৎকারে সাংবাদিক আবুল কাশেম রুমন বলেন,”আমি ক্ষমতার মোহে নয়, বরং মানুষের সেবা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে লক্ষণাবন্দ ইউনিয়নকে একটি ডিজিটাল ও আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তর করাই আমার মূল উদ্দেশ্য।
স্থানীয় জনমত পর্যবেক্ষকদের মতে, ঐতিহ্যগত ধারার বাইরে একজন সজ্জন, শিক্ষিত ও প্রযুক্তিমনস্ক প্রার্থী হিসেবে আবুল কাশেম রুমন এবারের নির্বাচনে বড় ধরণের চমক দেখাতে পারেন। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তরুণ এবং সাধারণ ভোটারদের আকৃষ্ট করছে।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, লক্ষণাবন্দ ইউনিয়নের নির্বাচনী মাঠ ততটাই উত্তপ্ত হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কার গলায় জয়ের মালা পরাবেন, তা দেখতে ব্যালট বিপ্লব পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।