আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানোর থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম আছান আলী। তিনি তানোর পৌর এলাকার তাতিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি একটি সিআর (CR) মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘ দিন যাবত পলাতক ছিলেন।
আজ শুক্রবার (১০ জুলাই) বেলা ২ টা ৩০ মিনিটের দিকে তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসউদ আলী, পিএসআই তুহিন ভূঁইয়া এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিলকুমারী বিল এলাকার মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর পলাতক এই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাসুদ পারভেজ বলেন, আসামি আছান আলী দীর্ঘদিন যাবৎ আইনের আওতায় আসার ভয়ে পলাতক ছিলেন। তিনি এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজই আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই অভিযানে স্থানীয় পর্যায়ে বেশ স্বস্তি ফিরেছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর বার্তারূপে এই গ্রেপ্তার প্রক্রিয়াকে দেখছেন সচেতন নাগরিকবৃন্দ।