জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় আশরাফ আহমদ (১৭) নামে এক কিশোর কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের হাইলইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিষপানের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে।
নিহত আশরাফ আহমদ হাইলইসলামপুর গ্রামের বাসিন্দা ও থানাবাজারের ফার্নিচার ব্যবসায়ী আবুল কালামের ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের সড়কে আশরাফকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। কিন্তু সিলেট নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
পরে স্বজনরা মরদেহ পুনরায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।ছেলের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা আবুল কালাম। তিনি বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো কোনো কারণ ছিল না। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা আল্লাহই ভালো জানেন।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
জকিগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।