ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর:
সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও ইউনানী চিকিৎসক
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। দেশের একটি বিশাল অংশ গ্রামে বসবাস করলেও প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসক বা আধুনিক হাসপাতালের অপ্রতুলতা এখনো কাটেনি। এমন এক বাস্তবতায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষায় নিয়োজিত রয়েছে একটি অন্যতম পেশাজীবী সংগঠন- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন’।
সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক দর্শনের সাথে সংগতি রেখে এবং দলটির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত হয়। শহীদ জিয়ার ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার যে স্বপ্ন ছিল, তার অন্যতম একটি অংশ ছিল গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ভাবনায় পল্লী চিকিৎসকদের গুরুত্ব বারবার উঠে এসেছে। তৃণমূল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ, আত্মনির্ভরশীল সমাজ গঠন এবং প্রান্তিক মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠাকে মূল আদর্শ হিসেবে ধারণ করে এই সংগঠনটি দেশজুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
দেশের স্বাস্থ্য কাঠামোর একদম শেষ প্রান্ত থেকে যারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তারা হলেন পল্লী চিকিৎসক। এই এসোসিয়েশনের সদস্যরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করছেন। গ্রামে বসবাসরত সাধারণ মানুষ যেকোনো জরুরি স্বাস্থ্য সমস্যা বা সাধারণ রোগে আক্রান্ত হলে সবার আগে এই পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হন। তারা তাৎক্ষণিক পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। গ্রামীণ জনগোষ্ঠীর সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল। তাদের জন্য শহরের দামি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অলীক ভাবনার মতো। এই চিকিৎসকেরা অত্যন্ত কম খরচে এবং সহজে মানুষের সেবা নিশ্চিত করেন। কোনো রোগী যখন মুমূর্ষু বা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন এই এসোসিয়েশনের সদস্যরা প্রাথমিক জীবনরক্ষাকারী চিকিৎসা দিয়ে দ্রুত তাদের শহরের বড় হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার (স্থানান্তর) করেন, যা বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে।
শুধু চিকিৎসাতেই নয়, গ্রামের মানুষকে সাধারণ স্বাস্থ্যবিধি, সঠিক পুষ্টি, মা ও শিশুর যত্ন এবং বিভিন্ন ছোঁয়াচে রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করে তুলতে সংগঠনটির সদস্যরা নিয়মিত অবদান রাখছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই সংগঠনটি বিভিন্ন সময়ে প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করে থাকে।
পল্লী চিকিৎসকদের সেবার মানকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদস্যদের আধুনিক চিকিৎসা জ্ঞান, সঠিক ওষুধ প্রয়োগের নিয়মাবলী এবং ড্রাগ লাইসেন্স ও ফার্মেসি পরিচালনার নিয়মকানুন সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে, এই পেশার সাথে জড়িত লাখো মানুষের পেশাগত মর্যাদা ও অধিকার আদায়ে সংগঠনটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
একটি সুস্থ ও সবল জাতি গঠনের জন্য গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের উন্নয়ন ভাবনাকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন যেভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে, তা দেশের সার্বিক স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে এই প্রান্তিক চিকিৎসকদের দক্ষতা আরও বাড়াতে পারলে বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার চিত্র চিরতরে বদলে দেওয়া সম্ভব।