কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম
মানুষের একটু অসচেতনতা আর বিদ্যুতের অসুরক্ষিত ঝুঁকিপূর্ণ তারের বলী হয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ পাখি। যে শালিক পাখির কলকাকলিতে ভোরের প্রকৃতি প্রাণ ফিরে পায় এবং যেসব পাখি প্রতিনিয়ত পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে, আজ তারাই হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে।
ঝালকাঠির কাঠালিয়ার বটতলা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিদিন দেখা যাচ্ছে এমন নির্মম দৃশ্য। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখির এই আকস্মিক মৃত্যু দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ও অনাবৃত বৈদ্যুতিক তারের কারণে একের পর এক পাখির মৃত্যু হলেও তা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
পরিবেশ সচেতন মানুষের মতে, আজ যদি শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি এভাবে মারা যেতে থাকে, তবে খুব শীঘ্রই হয়তো আরও অনেক প্রজাতি আমাদের প্রকৃতি থেকে চিরতরে হারিয়ে যাবে। পাখিরা বাঁচলে প্রকৃতি বাঁচবে এবং পরিবেশের সজীবতা বজায় থাকবে।
এ বিষয়ে এলাকাটিতে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। কাঠালিয়াবাসী ও সচেতন সমাজ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের প্রয়োজনীয় সংস্কার ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
তারা স্মরণ করিয়ে দেন যে, পাখিরাও প্রকৃতির সন্তান এবং তাদের বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে। একটি পাখি বাঁচানো মানে কেবল একটি প্রাণ রক্ষা করা নয়, বরং তা গোটা প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ অবদান।