আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সদস্য এবং একাধিক ডাকাতি মামলার আসামি মোঃ মনোয়ার হোসেন ওরফে মিন্টু (৫৫)-কে গ্রেফতার করা হয়েছে। ২৪ জুন ভোররাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি চৌকস দল ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাত মোঃ মনোয়ার হোসেন নওগাঁ সদর থানার খলিশাকুরি (রামভদ্র) এলাকার মৃত মোমিনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ০৮টি ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, মোঃ মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সাথে জড়িত থেকে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধীদের দমনে তাদের এই সাঁড়াশি অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যকে নওগাঁ সদর থানা পুলিশের হেফাজতে দেখা যাচ্ছে।