পুরুষ
হাফিজুল ইসলাম লস্কর
হে পুরুষ! তুমি বিধাতার এক
অনন্য সৃষ্টিসুখ,
শত বঞ্চনা বুকে চেপে রেখে
হাসিতে ভরাও মুখ।
বাহিরে তোমার কঠিন দুর্গ
ভেতরে ফল্গুন ধারা,
জগৎ তোমাকে বুঝতেই পারেনি
ভাবে যে ছন্নছাড়া!
ঝড়ের আঘাতে অবিচল হেসে
তুমি বিজয়ী রণভূমি,
স্বার্থের নগরে ক্ষত লুকিয়েও
নাও তো জীবন চুমি।
সবার চোখেই আশার প্রদীপ,
নও কারো বিশ্বাস,
জগৎ কেবল বোঝে প্রয়োজন
খোঁজে না দীর্ঘশ্বাস।
তুমি তো ত্যাগের জ্বলন্ত অগ্নি
নিঃস্ব এক দেউটিয়া,
সবার মনের মণিকোঠাতেও
একা মরো ডুকরিয়া!
প্রয়োজন ফুরানো ঝরা পাতা
যেন অনাদরে খরা,
তোমাকে ঘিরেই কৃত্রিম প্রেমে
চলে স্বার্থের মহড়া।
ললাটের লিখন অমোঘ বিধান
বাঁধা পুতুলের মতো,
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলাই যে
আজব জগতের ব্রত।
পুরুষ তবু তুমি বীর মহীয়ান
ভাঙোনি তো কোনোদিন,
বুকের রক্তে অকাতরে বিলিয়ে
শোধো এ জগতের ঋণ।