হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের হযরত শাহজালাল (র.)-এর ৭০৭তম বার্ষিক ওরস পালন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার বিকেলে মাজার এলাকা পরিদর্শনকালে এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) ওরসের পবিত্রতা রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কবার্তা প্রদান করেন।
কমিশনার জানান, ওরস উপলক্ষে ভক্তরা সাধারণত নাইওরপুল পয়েন্ট থেকে নেচে-গেয়ে এবং ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মাজারে গিলাফ নিয়ে আসেন। এতে মাজারের শৃঙ্খলা বিঘ্নিত হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নাইওরপুল থেকে বাদ্যযন্ত্রসহ আসা গেলেও মাজারের প্রধান প্রবেশ পথের আগে নূর জাহান হোটেলের সামনেই সকল বাদ্যযন্ত্র ও নাচ-গান বন্ধ করতে হবে। সেখান থেকে মাত্র অল্প কয়েকজন মিলে সুশৃঙ্খলভাবে গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করবেন।
ওরসে আসা ভক্তদের যানবাহন চলাচলে যেন নগরবাসীর দুর্ভোগ না হয়, সে লক্ষ্যে পার্কিংয়ের স্থানে পরিবর্তন আনা হয়েছে, মাজার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে কোনো যানবাহন রাখা যাবে না। পরিবর্তে ভক্তদের যানবাহনগুলো এমসি কলেজ মাঠ এবং শাহী ঈদগাহ এলাকায় পার্কিং করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওরসকে কেন্দ্র করে মাজারে মাদক সেবন বা কোনো ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার। তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে কেউ গাঁজা সেবন বা এজাতীয় অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওরস নির্বিঘ্ন করতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাজারের স্বেচ্ছাসেবকদের পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন কমিশনার। সবার সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল ওরস আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।