নিজস্ব প্রতিবেদক নাটোর:
নাটোরের বড়াইগ্রামে রাস্তায় রশি ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে এক মাংস দোকানের কর্মচারীকে মারপিট ও তার কাছে থাকা পৌনে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম কালাম, তিনি উপজেলার দৌগাছি গ্রামের বাসিন্দা এবং গোধড়া বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী। বর্তমানে তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী কালামের দাবি, সোমবার ভোরে তিনি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে মশিন্দা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় রশি ফেলে তার পথরোধ করে। এসময় তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয় এবং তার ওপর হামলা চালিয়ে গবাদি পশু কেনার ১ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার জন্য তিনি কয়েন বাজারের মাংস ব্যবসায়ী ফারুক ও মামুনকে অভিযুক্ত করেছেন। কালামের ভাষ্যমতে, তিনি আগে ফারুকের দোকানে কাজ করতেন, সেখান থেকে চলে আসার পর থেকেই তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল। তবে অভিযুক্ত ফারুক এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।