হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেটে জীবিকার সন্ধানে বের হয়ে না ফেরার দেশে চলে গেলেন ৮ নির্মাণ শ্রমিক। রবিবার (০৩/০৫/২৬) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর মোট ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট শহরের আম্বরখানা এলাকা থেকে একদল ঢালাই শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের সাথে ঢালাইয়ের মিকশ্চার মেশিনও ছিল। সকালের দিকে তেলিবাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সাথে পিকআপটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন।
নিহত শ্রমিকরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার নার্গিস আক্তার, দিরাইয়ের মুন্নি বেগম, সুরুজ আলী, ফরিদুল ইসলাম এবং সিলেটের কোম্পানীগঞ্জের পাণ্ডব বিশ্বাস ও বদরুজ্জামান।
আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির জানান, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যার মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ট্রাকচালক সারারাত গাড়ি চালানোর কারণে ভোরের দিকে তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত সুরুজ আলীর ভাই সুয়েব আলী আহাজারি করে বলেন, “টানা বৃষ্টির কারণে ভাই কয়দিন কাজে যেতে পারেনি। আজ রোদ ওঠায় বুক ভরা আশা নিয়ে বের হয়েছিল, কিন্তু ফিরল লাশ হয়ে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুনেও একই মহাসড়কের কুতুবপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল। বারবার একই ধরনের দুর্ঘটনায় স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।