মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৬সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরআগে সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারীপাড়া এলাকার মৃত শুকচান শেখ ওরফে শুকচান মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), একই জেলা ও থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মোঃ জুয়েল রানা (৪২), একই এলাকার মৃত লেদু শেখের ছেলে মিজান শেখ (৫০), কুড়িগ্রামের উলিপুর থানার পারুলের লাড় এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে মোঃ আব্দুর রহিম (৪০), নাটোরের বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম (৪১) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার তেলিজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল মমিন (৪০)। এরা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো।
পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরুর গাড়ি, চিনি, চাউল, তৈল,রডসহ বিভিন্ন পন্যবাহী গাড়ি টার্গেট করে ডাকাতি করে। রাতে ওই মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আন্ত:জেলা ডাকাত দলের ৬সদস্যকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বিকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে। এছাড়া ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।