প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশেষ প্রতিবেদক:
নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।
উদ্বোধনের পরপরই শুরু হয় প্রতিযোগিতামূলক খেলা। দিনের প্রথম ম্যাচে মমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে জয়লাভ করে।
অপর ম্যাচে হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ট্রাইবেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
বালকদের খেলায় পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল দেবীসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জয় তুলে নেয়।
অন্য ম্যাচে চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে।