জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের একটি দল এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
আটক চালকের নাম নাসির উদ্দীন (২৫)। তিনি টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের মোস্তাক মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতর অত্যন্ত কৌশলে লুকানো অবস্থায় ১৮টি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা শনাক্ত ও উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাসির স্বীকার করেছেন, তিনি টেকনাফ থেকে কম দামে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে চড়া মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকারসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযানে সাফল্যের পরিচয় দিয়ে আসছে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।