সাদ্দাম হোসেন সাজ্জাদ
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলা ও অবৈধ অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫-৬ জন সন্ত্রাসী কক্সবাজারের চকরিয়া থানার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের ভাষ্য, আটক ব্যক্তিরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
জব্দ করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাখার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।