তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. বিল্লাল মিয়া (৪০) ও মনি (৩০) নামে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) নরসিংদী মডেল থানার বানিয়াচল বিলপাড় এলাকায় অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযুক্তদের বসতঘর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
অভিযান শেষে অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।