সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নিখোঁজের ঘটনা। চলতি বছরের গত সাত মাসে সারা দেশ থেকে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বড় একটি অংশ উদ্ধার হলেও এখনও সন্ধান মেলেনি ২ হাজারের বেশি শিশুর। স্বজনদের দীর্ঘ প্রতীক্ষা আর নিখোঁজ শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে পরিবারগুলোতে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, নিখোঁজ হওয়া শিশুদের একটি বড় অংশ মূলত বাসা থেকে অভিমান করে বের হয়ে যাওয়া, পথ হারিয়ে ফেলা কিংবা সামাজিকযোগাযোগ মাধ্যমের প্রলোভনে পড়ে ঘর ছাড়ার শিকার। তবে এর বাইরে একটি বড় চক্র সক্রিয় রয়েছে, যারা সুযোগ বুঝে শিশুদের অপহরণ ও পাচারের মতো অপরাধে লিপ্ত হচ্ছে।
পুলিশের কাছে দায়ের হওয়া জিডি ও মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উদ্ধার হওয়া শিশুদের বেশিরভাগকেই দ্রুততম সময়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে যে দুই হাজারেরও বেশি শিশু এখনও নিখোঁজ রয়েছে, তাদের ক্ষেত্রে পাচারকারী চক্রের হাত থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অপরাধ বিশেষজ্ঞরা। বিশেষ করে সীমান্ত এলাকা ও রাজধানীসহ বড় শহরগুলো থেকে পথশিশু ও কমবয়সী শিশুদের নিখোঁজের ঘটনা বেশি ঘটছে।
নিখোঁজ সন্তানের ফিরে আসার পথ চেয়ে দিন কাটাচ্ছেন শত শত মা-বাবা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সন্তানদের গতিবিধি ও মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন শিশু সুরক্ষা বিশেষজ্ঞরা।