আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩০ আগস্ট) ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ড. এম এনামুল হক গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান।
কাল জানাজা ও দাফন পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় আ.ফ.জি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
বর্ণাঢ্য কর্মজীবন: ড. এম এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. এম এনামুল হক। তাঁর কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সম্মানিত ছিলেন।
তাঁর মৃত্যুতে গোদাগাড়ী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা ও দাফনে অংশ নিয়ে তাঁকে শেষ বিদায় জানাতে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।