হাবিব(বগুড়া জেলা) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫টিতে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ও বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে বিদ্যালয় দুটিকে সরকারীকরণের সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তানিয়া ফেরদৌস।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ ২৫ আগস্ট থেকে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে সরকারি প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। অপর প্রজ্ঞাপনে গাবতলী উপজেলার ‘গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়’কে ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে সরকারীকরণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয় দুটির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি অ-বদলিযোগ্য থাকবে।
বিদ্যালয় দুটি সরকারি হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। গাবতলীর বাসিন্দা আবদুল্লাহ আল নোমান সাব্বির বলেন, “বিদ্যালয়টি সরকারি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এখন এলাকার শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার সুযোগ পাবে।”
শিবগঞ্জের বাসিন্দা রমজান আলী বলেন, “জেলা শহর থেকে এ অঞ্চল কিছুটা দূরে হওয়ায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা ছিল। বিদ্যালয়টি সরকারি হওয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা কম খরচে ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে।”
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, গাবতলী ও শিবগঞ্জের নতুন দুটি বিদ্যালয়সহ জেলায় বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫টি। এর আগে এ সংখ্যা ছিল ১৩টি।