নিজস্ব প্রতিবেদক
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির আচরণ ও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। আদালতের চত্বরে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ছিনতাই ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে এই নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক রাজুর প্রতি ন্যায়বিচার ও পরীমনির এহেন আচরণের দৃষ্টান্তমূলক প্রতিবাদের দাবিতে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা।
ঘটনার সূত্রপাত ও সাংবাদিক রাজুর বক্তব্য
ঘটনার বিবরণ দিয়ে ‘সমকাল’-এর সাংবাদিক রাজু জানান, আদালতে আসার পর থেকেই পরীমনির প্রায় ১০ জন বডিগার্ড তাকে চারদিক থেকে ঘিরে রেখেছিল। সেই সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করছিলেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে পরীমণি লিফটে ওঠার সময় তিনি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিলেন। ঠিক তখনই পরীমণি ক্ষিপ্ত হয়ে তার হাত থেকে ফোন কেড়ে নেন এবং তার ট্রাইপডটি ভেঙে ফেলেন—যার ভিডিও ফুটেজও সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে তিনি নিজেই পরীমনির হাত থেকে ফোনটি ছিনিয়ে ফেরত নেন।
রাজু আরও জানান, আদালত চত্বরে হাজিরা শেষে গাড়িতে ওঠার সময় পরীমণি তাকে দেখতে পেয়ে আরও বেশি রাগান্বিত হয়ে তেড়ে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রাজুর ভাষ্যমতে, উল্টো পরীমণিই তার গায়ে হাত তুলেছেন এবং এর অসংখ্য ফুটেজ গণমাধ্যমের কাছে রয়েছে।
নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে সাংবাদিক রাজু বলেন, “আমি একবারও তার গায়ে হাত দেইনি, এর কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। ঘটনার সময় আমার এক হাতে মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিল। তাছাড়া আমার আরেক হাতে শারীরিক সমস্যা থাকায় আমি বেশিরভাগ কাজ এক হাতেই করি। তাহলে আমি কোন হাত দিয়ে পরীমনির গায়ে হাত দিলাম? পরীমণি আরও কয়েকজন সাংবাদিককে খামচি দিয়েছেন এবং তার বডিগার্ডরা অন্যদের সাথে মারমুখী আচরণ করেছেন।”
‘আগামীর সময়’ পত্রিকার সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য
এ সময় ‘আগামীর সময়’ পত্রিকার আরেক সাংবাদিক নিজের হাতে থাকা খামচির দাগ দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, “এই খামচি পরীমণি নিজেই নিজের হাতে দিয়েছেন। এটি তার হাতের নখের দাগ। নারীদের নখ সাধারণত একটু বড় হয়, এটা তার নিজেরই দেওয়া খামচির দাগ।” এই ঘটনারও ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে সুরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়।
সাংবাদিকদের প্রতিবাদ ও সংহতি
সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত সহকর্মী-সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর এই ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সাংবাদিক রাজুর পক্ষে ন্যায়বিচার দাবি করেন।
অভিভাবকহীনতা ও পেশাগত সংকটে পরীমণি
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, পরীমনির বর্তমান আচরণ ও কর্মকাণ্ডের পেছনে সঠিক পরামর্শদাতা বা অভিভাবকের অভাব স্পষ্ট। অতীতে যার ওপর ভরসা করতেন, সেই দাদাও আজ আর নেই। শৈশবে বাবা-মায়ের স্নেহ ও সঠিক পরিচর্যা না পাওয়ার প্রভাব তার বর্তমান আচরণে স্পষ্ট বলে মনে করছেন অনেকে। সংকটময় পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়, তার সেই পরিপক্বতা বা অভিজ্ঞতাও তার নেই বললেই চলে। ফলস্বরূপ, মুখে যা আসছে তা-ই বলা এবং নিজের ইচ্ছেমতো আচরণ করার কারণে তিনি দিন দিন ইন্ডাস্ট্রিতে একঘরে হয়ে পড়ছেন।
তার এই অপরিপক্ব আচরণের কারণে সহকর্মীরাও তার ওপর বিরক্ত। শিল্পীরা এখন তার কোনো দায় নিতে রাজি নন। অতীতে যাদের সবসময় তার পাশে দেখা যেত, সাম্প্রতিক সময়ে তাদের অনেকেই তার ছায়া থেকে দূরে সরে গেছেন। এভাবে চলতে থাকলে তিনি পুরোপুরি একা হয়ে মানসিক ভারসাম্যহীনতার দিকে ধাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন শুভাকাঙ্ক্ষীরা।
ক্যারিয়ারে বড় ধস ও রুটি-রুজিতে আঘাত
নিজের লাইভে এসে পরীমণি নিজেই স্বীকার করেছেন যে তার কাজের শিডিউল বা প্রজেক্টগুলো একের পর এক ক্যানসেল হচ্ছে। অর্থাৎ, তার বিতর্কিত আচরণের প্রভাব সরাসরি তার রুটি-রুজিতে পড়তে শুরু করেছে। এ ধরনের তুমুল সমালোচিত ও বিতর্কিত কোনো নায়িকাকে ভবিষ্যতে কোনো আয়োজক বা প্রযোজনা প্রতিষ্ঠান তাদের আয়োজনে যুক্ত না রাখলে তা মোটেও অস্বাভাবিক হবে না।
শিল্পীর প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে, কিন্তু একজন তারকা বা শিল্পীর প্রতিবাদের ভাষা কখনোই এমন আক্রমণাত্মক হতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা পরীমনির অন্ধ সমর্থনে মায়া কান্না করছেন, তাদের প্রতি আহ্বান—তার পাশে দাঁড়িয়ে তাকে সঠিক পথে আসার পরামর্শ দিন। কারণ বর্তমান পরিস্থিতিতে অনেকেই তাকে শিল্পী হিসেবে মেনে নিতেই নারাজ। পেশাদারিত্ব ও শিষ্টাচার বজায় না রাখলে ঢালিউডে তার স্থায়ী অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।