আমার কলিজার টুকরো, আমার অনাগত সোনা,
আজ আমার বুকটা ফেটে যাচ্ছে, অথচ চোখ দিয়ে এক ফোঁটা জল ফেলার মতো শক্তিও যেন আমার অবশিষ্ট নেই। মাত্র তো কটা দিন হয়েছিল তুই আসার বার্তা দিয়ে আমাদের জীবন রাঙিয়ে তুলতে। তোর বড় বোন তানিশার পাশে আরেকটি ছোট্ট প্রাণ এসে আমাদের ঘর আলো করবে—এই সুসংবাদটি আমার পুরো সত্ত্বাকে এক স্বর্গীয় আনন্দে ভাসিয়ে দিয়েছিল। দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার সেই চেনা অনুভূতিটা বুকটাকে এক অদ্ভুত শান্তিতে ও পরিপূর্ণতায় ভরে তুলেছিল।
কিন্তু মাত্র এক মাস কুড়ি দিন… এতটুকুই কি ছিল আমাদের ভাগ্যে তোর সান্নিধ্য পাওয়ার সময়টুকু? যা কেবল অনুভবে আর কল্পনায় ছিল, তোকে ছোঁয়া হলো না। তোকে বুকে আগলে ধরে এই পৃথিবীর মুখ দেখাতে পারলাম না, আমার ছোট্ট সোনা। তোর ওই কুঁড়ির মতো ছোট্ট অস্তিত্বটুকু যখন হঠাৎ আমাদের ছেড়ে চিরতরে চলে গেল, মনে হলো আমার বুকের ভেতর থেকে একটা জীবন্ত অংশ কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে।
লোকে সান্ত্বনা দিয়ে বলে, ‘মাত্র তো দেড় মাস, এখনো তো তার প্রাণই আসেনি পুরোপুরি।’ কিন্তু ওরা বোঝে না, একজন বাবার কাছে তার সন্তানের অস্তিত্বের খবর পাওয়ার প্রথম মুহূর্ত থেকেই সে আস্ত একটা পৃথিবী। আমি তো মনে মনে তোর ছোট্ট হাত দুটো ধরে ফেলেছিলাম। তোকে বুকে জড়িয়ে ধরার স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। তোর বোনটার সাথে তোর খুনসুটি, ঝগড়া আর ভালোবাসার দৃশ্যগুলো আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে শুরু করেছিল।
আজ চারপাশে কেবল এক অচেনা নীরবতা আর শূন্যতা। এই শুন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। আল্লাহ কেন তোকে আমাদের অনূভুতির আঙিনায় এনেও আবার নিজের কাছে ফিরিয়ে নিলেন, তার গভীর রহস্য হয়তো আমার এই সীমিত জ্ঞানে কোনোদিন ধরা দেবে না। তবুও আমি বিশ্বাস করি, তিনি সর্বজ্ঞ, তিনিই ভালো-মন্দের প্রকৃত হিসাব জানেন। তিনি হয়তো তোকে এই পৃথিবীর কষ্ট থেকে বাঁচিয়ে নিজের কাছে নিরাপদ রাখতেই বেশি ভালোবেসেছেন।
তবুও, তুই তো আমার অব্যক্ত অনুভবে চিরকাল জড়িয়ে রবি।
যত দিন এই বুকটা সচল থাকবে, আমার হৃদয়ের সবচেয়ে পবিত্র ও গোপন কোণে তোর জন্য এক বুক হাহাকার আর অফুরান ভালোবাসা জমা থাকবে। তুই আমাদের পৃথিবীর আলো দেখতে পাসনি ঠিকই, কিন্তু আমার হৃদয়ের মানচিত্রে তুই চিরকাল আমার দ্বিতীয় সন্তান হয়েই বেঁচে থাকবি।
ওপারে খুব ভালো থাকিস, আমার সোনামণি…
– ইতি,
হতভাগ্য পিতা
হাফিজুল ইসলাম লস্কর
গোলাপগঞ্জ, সিলেট
তারিখ: ০৫/১১/২০২৬