সাদ্দাম হোসেন সাজ্জাদ :
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাত জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট, দেশীয় অস্ত্র এবং প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, গত ৯ জুলাই বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ফিশিং বোটসহ সাত জলদস্যুকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে জব্দকৃত ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, পাঁচটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৬২ হাজার টাকা।কোস্ট গার্ড জানিয়েছে, আটক জলদস্যু, জব্দকৃত আলামত এবং উদ্ধার হওয়া মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, জলদস্যুতা দমন এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।