মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) পতিনিধি:
ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোর পপকর্ন বিক্রেতার মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। পরিবারের অভাব-অনটনের কারণে বেশিদূর পড়াশোনা করতে পারেনি সে। অল্প বয়সেই সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে ঘুরে ঘুরে পপকর্ন বিক্রি করত আহাম্মদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও ট্রেনে পপকর্ন বিক্রি করার জন্য ঈশ্বরদী বাইপাস স্টেশনে আসে আহাম্মদ। সকাল সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোর ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।