বিশেষ প্রতিনিধি: শাহরিয়ার নাফিজ
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল গনি শেখ-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মব সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জুন জিয়ানগর উপজেলার বালিপাড়া এলাকার ‘আলহাজ্ব আব্দুল গনি শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। স্থানীয় বিএনপির পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি স্কুল পরিচালনা কমিটিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে না পেরে পরিকল্পিতভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল গনি শেখকে লাঞ্ছিত করেন এবং তার বিরুদ্ধে মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একই দিন রাতে আলহাজ্ব আব্দুল গনি শেখের মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত ইট-বালুবাহী ট্রলার এবং ট্রলারে থাকা তার মেয়ের জামাতা মোঃ খলিল ও এক শ্রমিককে অপহরণ করা হয়। পরবর্তী সময়ে ঘটনার মীমাংসা হলেও একটি কুচক্রী মহল তার বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো, পরিবারের নারী সদস্যদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়াসহ বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
৭৫ বছর বয়সী আলহাজ্ব আব্দুল গনি শেখ এ ঘটনায় চরম মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি সরকারের কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন। ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দ বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আলহাজ্ব আব্দুল গনি শেখ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ বিবৃতিতে সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান (সহ-সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংসদ ও চেয়ারম্যান, হৃদয় গ্রুপ), প্রকৌশলী মোঃ হোসেন ভূঁইয়া (চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব), বিচারপতি ছিদ্দিকুর রহমান (আইন বিভাগ), বহুভাষাবিদ প্রফেসর মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), শেখ আয়ুব আলী (ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়), কাজী হায়াৎ (সভাপতি, চলচ্চিত্র পরিচালক সমিতি), মোঃ মনোয়ার হোসেন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার ডাক), জাতীয় ফুটবলার মোঃ কাউসার হামীদ, অধ্যাপক ডা. হরিদাশ বিশ্বাস (সাবেক বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়), শফিকুল ইসলাম রাহী (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কোকো স্মৃতি সংসদ ও সিনিয়র সহ-সভাপতি, ঢাকা প্রেস ক্লাব সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি) সহ দেশের বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।