মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেপ্তারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)।
বৃহস্পতিবার সকালে রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার প্রতিবেশী সাত বছর বয়সী ওই শিশুকে টিভি দেখানো ও খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত ও কান্নারত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে থেকে অভিযুক্ত দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলার আসামিকে গ্রেপ্তারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর বলে জানানো হয়।