মোঃ নাঈম উদ্দীন, জীবননগর উপজেলা প্রতিনিধি (চুয়াডাঙ্গা):
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত হতে যাচ্ছে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল। পরীক্ষা গ্রহণের প্রায় আড়াই মাস পর এই ফলাফল ঘোষণা করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন।
শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইনের পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।
অনলাইন পদ্ধতি: পরীক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট- (https://ipemis.dpe.gov.bd)-এ প্রবেশ করে রোল নম্বর, নিজ জেলা ও উপজেলার তথ্য প্রদান করে সহজেই ফলাফল দেখতে পারবেন।
এসএমএস পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানিয়েছেন, টেলিটকের মাধ্যমে একটি বিশেষ নম্বর চালু করা হয়েছে। যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে। মোবাইল মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (উদাহরণ: DPE 123456)।
পরীক্ষার্থী ও বৃত্তির পরিসংখ্যান এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি কিন্ডারগার্টেনের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হচ্ছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ জন শিক্ষার্থী এই বিশেষ সুবিধার আওতায় আসবে।
নির্বাচিত বৃত্তিপ্রাপ্তদের ৩৩ হাজার শিক্ষার্থী ‘ট্যালেন্টপুল’ এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী ‘সাধারণ গ্রেডে’ বৃত্তি লাভ করবে। বৃত্তিপ্রাপ্তদের আর্থিক সুবিধার বিবরণ নিম্নরূপ:
ট্যালেন্টপুল বৃত্তি: শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
সাধারণ গ্রেড: শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পর্যন্ত টানা দুই বছর এই সরকারি আর্থিক সহায়তা ও উপবৃত্তি সুবিধা ভোগ করতে পারবে।