মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ মো. জাহিদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাজুনিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জাহিদ গোবিন্দগঞ্জ উপজেলার পাথুরিয়া পাড়া গ্রামের মনতাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় মো. হাইদুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদক বেচাকেনার সময় জাহিদকে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে গাইবান্ধা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।