নিজস্ব প্রতিবেদক, আসিফ ইকবাল
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি নিরসনে ব্যক্তিগত তহবিল থেকে জ্বালানি তেল অনুদান দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। রোববার (৫ জুলাই) রাতে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনকালে বিদ্যুৎহীন অবস্থায় রোগীদের দুর্ভোগ দেখে তিনি এ উদ্যোগ নেন।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ না থাকায় এবং হাসপাতালের জেনারেটর বন্ধ থাকায় তীব্র গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন চিকিৎসাধীন রোগীরা। বিষয়টি তাৎক্ষণিক এমপি আব্দুল আজিজের নজরে এলে তিনি হাসপাতালের জেনারেটর সচল রাখতে ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করেন।
এই মানবিক উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম হাসান।
এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য নতুন করে দশজন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আকস্মিক পরিদর্শন এবং দ্রুততম সময়ের মধ্যে রোগীদের দুর্ভোগ লাঘবে এমপির এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।