আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
৬ জুলাই ২৬ – নওগাঁ সদর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম (মজনু) (৪৪)-কে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, এই মাদক ব্যবসায়ী তার নিজ বসতবাড়ীর শয়ন কক্ষে মাদকদ্রব্য মজুদ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে, নওগাঁ সদর মডেল থানার একটি চৌকস টিম মজনুর পার নওগাঁ বয়েজ হোমপাড়াস্থ বাসভবনে অভিযান চালায়। অভিযানের সময় তার শয়ন কক্ষ থেকে মোট ৭০ (সত্তুর) পিছ মাদকদ্রব্য এ্যাম্পুল জব্দ করা হয় এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম ওরফে মজনুকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মজনু নওগাঁ জেলার বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ সে এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এই সংক্রান্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ সদর থানা পুলিশের এই অভিযান এলাকায় মাদক নির্মূলের ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।