সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতসপুর গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী। পরিবারের সংকটময় মুহূর্তে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার অংশ হিসেবে পরিবারটিকে একটি ছাগল প্রদান করেছেন।
সম্প্রতি বাতসপুর গ্রামে শরিফ উদ্দিন মুন্সী নিজে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ব্যক্তিগত উদ্যোগে এমন মানবিক সহায়তার বিষয়ে শরিফ উদ্দিন মুন্সী বলেন, “সড়ক দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে দিনাতিপাত করছিল। সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক জায়গা থেকেই আমি এই সামান্য উদ্যোগ গ্রহণ করেছি।”
স্থানীয় সচেতন মহল শরিফ উদ্দিন মুন্সীর এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন। এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অসহায় ও দুস্থ মানুষের দুঃখ লাঘবে সহায়ক ভূমিকা পালন করবে বলে স্থানীয়রা মনে করছেন।