নেছারাবাদ প্রতিনিধি: মো. সম্রাট সিকদার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও উদীয়মান রাজনীতিবিদ কাজী রাজিব রাফি। আসন্ন নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন।
দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত কাজী রাজিব রাফি সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার এলাকায় দলের আদর্শিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে নিজেকে সক্রিয় রেখেছেন।
নির্বাচন সামনে রেখে তরুণ এই নেতা আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের এই নেতৃত্ব এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তার নির্বাচনী ভাবনা ও তারুণ্যনির্ভর কর্মপরিকল্পনা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সারেংকাঠী ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। স্থানীয় প্রবীণ ভোটারদের অভিমত, তরুণদের কর্মস্পৃহা এবং স্বচ্ছতা এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে, তরুণ প্রজন্মের কাছেও কাজী রাজিব রাফির এই উদ্যোগ নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাজী রাজিব রাফির প্রার্থীতা আসন্ন নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ যদি ভোটের বাক্সে প্রতিফলিত হয়, তবে আগামী নির্বাচনে তার জয়ের ব্যাপারে বেশ আশাবাদী সমর্থকরা।